• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৪৩ পিএম


এসএসসি কেন্দ্র পরিদর্শনে ডাঃ শফিকুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ এপ্রিল ২০২৬ ৬:৪২ পিএম

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান এমপি।

বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন এবং তাদের সুস্থতা ও সফলতার জন্য দোয়া করেন। পাশাপাশি কেন্দ্র সচিবদের সুষ্ঠু পরীক্ষার পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

এ সময় পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে স্থানীয় জামায়াতের উদ্যোগে কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য বসার ছাউনি এবং সুপেয় পানির ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। এ সময় অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেন এবং এমন উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান অভিভাবকরাও।