• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম


ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ৩:১১ পিএম

দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজট দূর করতে সরকার বদ্ধপরিকর। করোনা পরবর্তী সময় ও বিভিন্ন রাজনৈতিক কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে পড়েছিল, সেটিকে আবার স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, একই কারণে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় এখনো নির্ধারণ করা হয়নি।

এদিন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়েও বৈঠক করেন তিনি। তার মতে, বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে।