রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সাইন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে মধ্যরাতেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পর্যন্ত কলেজের সামনের প্রধান সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান তাঁরা।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরও ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের বাইরের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
ঘটনার সূত্রপাত কলেজের অডিটোরিয়ামে আয়োজিত একটি বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে। জানা যায়, পূজার ছুটির আগে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানটি ভোর ৫টা পর্যন্ত চলে। অডিটোরিয়াম ব্যবহারের নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় দুই সমন্বয়কারী শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ।
পরে শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে তাঁদের হলের আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে অডিটোরিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। তবে ওই অর্থ দিতে অক্ষমতা প্রকাশ করেন শিক্ষার্থীরা।
অধ্যক্ষের বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে কলেজের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই তিনি জরিমানার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ ছাড়া সাদা কাগজে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর পদত্যাগের দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।
এদিকে গভীর রাতে পুলিশের সহায়তায় অধ্যক্ষকে উদ্ধার করার সময় লাঠিচার্জের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, পুলিশের লাঠিচার্জে অন্তত দুজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, অধ্যক্ষ বর্তমানে নিরাপদে রয়েছেন। শিক্ষার্থীদের ক্যাফেটেরিয়া ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যক্ষের চূড়ান্ত পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন তাঁরা।
/এসএন