• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০১ এএম


মাইশার মায়ের অনুরোধ, ‘আমার মেয়ে পর্দানশীন ছিল, ছবি সরিয়ে নিন’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ৯:৪৮ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তার মা সালমা আক্তার। মেয়ের মৃত্যুর পর মুখ খোলা ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা সরিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।বুধবার (৪ নভেম্বর) বিকেলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম শোকাহত পরিবারটির সঙ্গে দেখা করতে গেলে মাইশার মা এ অনুরোধ জানান।সালমা আক্তার বলেন, তার মেয়ে অত্যন্ত লাজুক স্বভাবের ছিল এবং পর্দা মেনে চলত। কখনো নিকাব ও হিজাব ছাড়া ঘরের বাইরে বের হতো না। অথচ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর মাইশার মুখ খোলা একটি ছবি ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মায়ের আশঙ্কা, ইসলামী বিধান অনুযায়ী এর কারণে তার মেয়ের কবরের আজাব বাড়তে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মাধ্যম থেকে মেয়ের ওই ছবি সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।এ সময় সংরক্ষিত নারী আসনের (৩৪৩) সংসদ সদস্য শামছুন্নাহার বেগম শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। তিনি বলেন, হায়াত ও মৃত্যু মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমরা বিশ্বাস করি, মাইশা শহীদি মৃত্যু বরণ করেছে। মহান আল্লাহর কাছে তার সর্বোচ্চ জান্নাত কামনা করি। তবে এ ধরনের সড়ক দুর্ঘটনা কারও কাম্য নয়।সড়ক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য বলেন, ২০১৮ সাল থেকেই নিরাপদ সড়কের দাবিতে ছাত্রসমাজ আন্দোলন করে আসছে। কিন্তু বিগত দুটি সরকার শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন দিতে অক্ষম হয়েছে। বর্তমান সরকারের অংশ হিসেবে এ বিষয়ে তারও দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে জাতীয় সংসদে বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি। ইতিমধ্যে মহাসড়কের পাশে একটি ট্রমা সেন্টার স্থাপনের বিষয়ে সংসদে কথা বলেছেন বলেও জানান তিনি।শামছুন্নাহার বেগম আরও বলেন, মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফলে সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক সম্ভাবনাময় জীবন অকালে ঝরে যায়।সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের সচেতনতা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গাড়িচালকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। চালকদের অনেকেই মাদকাসক্ত। তাদের মাদকমুক্ত করার বিষয়েও কাজ করা প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। এতে মাইশার মতো অনেক সম্ভাবনাময় তরুণ প্রাণ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাবে।এ সময় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের মিরসরাই উপজেলা সেক্রেটারি তানজিনা আক্তার লিপি, ১২ নম্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ একরামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/বিএসএস