• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৯ এএম


হিন্দু তরুণীর ইসলাম গ্রহণে বিয়ে, বিয়ের পরই প্রেমিক কারাগারে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ১১:৪২ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্কের পরিণতিতে ধর্ম পরিবর্তন করে বিয়ে করার ঘটনায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। অপহরণ ও ধর্মান্তরের অভিযোগে দায়ের করা মামলায় প্রেমিককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনাটি ঘিরে পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর গ্রামের বশির সরদারের ছেলে মো. তামিম হাসানের সঙ্গে পাশের ফলাঘর গ্রামের প্রদীপ চন্দ্র সাহার মেয়ে প্রিয়ন্তী রানী সাহার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক অমতে তারা বাড়ি ছেড়ে চলে যান।

পরবর্তীতে ওই তরুণী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন জান্নাতি ইসলাম। ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর গত ৩ মে স্থানীয় এক কাজির মাধ্যমে দুই লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের ঘটনার পরদিনই তরুণীর পরিবার বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গত ৭ মে ওই তরুণ-তরুণীকে উদ্ধার করে। এ সময় তামিমকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অন্যদিকে তরুণী জান্নাতি ইসলামকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এরই মধ্যে ঘটনাটি নিয়ে তরুণী প্রিয়ন্তী রানী সাহা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শুক্রবার লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, “আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে তামিমকে বিয়ে করেছি। আমি যেহেতু প্রাপ্তবয়স্ক, তাই কাকে বিয়ে করব, কোন ধর্ম গ্রহণ করব, সেটা আমার অধিকার। রাষ্ট্র আমাকে সেই অধিকার দিয়েছে। আমার পরিবার নির্দোষ পরিবারকে হয়রানি করছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যেন তাদের হয়রানি করা না হয়।”

অন্যদিকে তরুণীর বাবা প্রদীপ চন্দ্র সাহা অভিযোগ করে বলেন, “আমরা মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে জানতে পারি তাকে নিয়ে বিয়ে করা হয়েছে। প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তাকে ধর্মান্তরিত করা হয়েছে।”

তামিমের বাবা বশির সরদার বলেন, ছেলে-মেয়ের সম্পর্কের বিষয়টি জানার পর তিনি মেয়ের পরিবারকে জানিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি চাননি তারা পালিয়ে বিয়ে করুক। তিনি আরও বলেন, পরে শুনেছেন তারা বিয়ে করেছে। এখন তার ছেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা করা হয়েছে। তবে তার দাবি, এখানে কোনো অপহরণের ঘটনা ঘটেনি এবং তাকে ফাঁসানোর উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা সালাম মল্লিক বলেন, ঘটনাটি নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা চলছে। কেউ এটিকে প্রেমের বিয়ে হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন পারিবারিক অমতের কারণে পরিস্থিতি জটিল হয়েছে।

রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন শিকদার বলেন, দুজনই প্রাপ্তবয়স্ক। তবে ধর্ম ভিন্ন হওয়ায় দুই পরিবারের মধ্যে জটিলতা সৃষ্টি হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, মামলার পর তরুণীকে উদ্ধার করা হয়েছে। আদালতের নির্দেশে তরুণকে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।