• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ এএম


গাজীপুরে বিকাশের গাড়িতে গুলি করে আড়াই কোটি টাকা ছিনতাই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ অক্টোবর ২০২৬ ১০:১৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে সশস্ত্র হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা অপর তিনজনকে মারধর করে প্রায় আড়াই কোটি টাকা ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকার বনঘেরা স্থানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হিমেলের (৩৫) বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। তিনি সেখানকার চ্যানেল এন্টারপ্রাইজের হিসাব ব্যবস্থাপক। হামলায় আহত অপর তিনজন হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

হামলার শিকার বিকাশের কর্মীরা জানান, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে চার কোটি টাকা সংগ্রহ করে তিনটি বস্তায় রাখা হয়েছিল। পরে ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১ নম্বরের একটি প্রাইভেটকারে করে তাঁরা মাওনার উদ্দেশে রওনা হন।

গাড়িটি শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকার বনঘেরা স্থানে পৌঁছালে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁদের পথরোধ করে। এরপর হামলাকারীরা গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি চালায়।

পরে তাঁকে টানাহেঁচড়া করে গাড়ি থেকে নামানো হয়। এ সময় গাড়িতে থাকা অন্য কর্মকর্তা ও চালককে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। একপর্যায়ে গাড়ির ট্রাঙ্কে থাকা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় তারা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুটি বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, তাঁদের মধ্যে একজনের পেটে গুলিবিদ্ধের ক্ষত থাকায় তাঁকে জরুরি ভিত্তিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়ে বিকাশের পক্ষ থেকে আগে থানায় বা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হয়নি। এ কারণে কোনো পুলিশি নিরাপত্তাও নেওয়া হয়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এএসএফ