নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের চুরি হওয়া ব্যাগ উদ্ধারে রাতভর সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এ অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
পুলিশ জানিয়েছে, নাটোর রেলওয়ে স্টেশনের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ব্যাগ চুরির ঘটনাটি প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক অজ্ঞাত যুবক কৌশলে জার্মান নাগরিক ক্রিলের সঙ্গে পরিচিত হন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন।
একপর্যায়ে ওই পর্যটকের অসতর্কতার সুযোগ নেন যুবকটি। নিজের পরনের কটি খুলে তার ভেতরে ব্যাগটি লুকিয়ে দ্রুত স্টেশন এলাকা থেকে চলে যান বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, ঘটনা জানার পর থেকেই চুরি হওয়া ব্যাগ উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য রেলওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বিতভাবে তৎপরতা শুরু করেছে। নাটোর রেলস্টেশন থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ যাচাই করে অভিযুক্তকে শনাক্তের কাজ চলছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা এবং বিদেশি নাগরিকের চুরি যাওয়া ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে।
/এসএন