নরসিংদীর মনোহরদীতে প্রায় ২০০ বছরের পুরোনো একটি পারিবারিক পুকুরকে ঘিরে ‘জলপরী’ দেখা যাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। এই কাল্পনিক গুজবের কারণে গত পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ পুকুরটির পাড়ে ভিড় করছেন।
ঘটনাটি ঘটেছে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের আলালপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা কবির আহমেদ ভূঁইয়ার প্রায় ২০০ বছরের পুরোনো পারিবারিক পুকুরকে কেন্দ্র করেই এই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুকুরের মালিকপক্ষ জানিয়েছে, পারিবারিক এই পুকুরে সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। কিছুদিন আগে পুকুরে একসঙ্গে সিলভার কার্প মাছের সাঁতার কাটার একটি দৃশ্যকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি সেটিকে ‘জলপরী’ হিসেবে ভুলভাবে প্রচার শুরু করেন। এরপর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একের পর এক ভিডিও ছড়িয়ে পড়লে পুকুরটিকে ঘিরে মানুষের আগ্রহ আরও বেড়ে যায়। শুরু হয় নানা ধরনের অন্ধবিশ্বাসমূলক আয়োজনও। কেউ পুকুরপাড়ে ভোগ দিচ্ছেন, কেউ পূজা করছেন। আবার কেউ অলৌকিক লাভের আশায় পুকুরের পানি শরীরে মাখছেন কিংবা বোতলে ভরে বাড়িতে নিয়ে যাচ্ছেন।
অযাচিত এই ভিড়ের কারণে পুকুরের মাছের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন পুকুরের মালিকপক্ষ।
গুজব ঠেকাতে ইতোমধ্যে ঘটনাস্থলে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার বিকেলে প্রশাসনের পক্ষ থেকে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। তবে সেখানে মাছ ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রশাসনের তল্লাশিতে ‘জলপরী’র কোনো অস্তিত্ব না মেলায় বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বাস্তব ভিত্তি নেই বলেই স্পষ্ট হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া গুজব না ছড়ানোর জন্য কঠোর অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ইচ্ছাকৃতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন।
/এসএন