• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম


ফ্রান্সকে বিশ্বকাপজয়ী দেখছেন অর্থনীতিবিদরা, ব্যর্থতার তালিকায় ব্রাজিল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুন ২০২৬ ১০:০৭ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপে স্পেনকে হারিয়ে শিরোপা জিতবে ফ্রান্স। একই সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স করা দল হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন পূর্বাভাস উঠে এসেছে রয়টার্স পরিচালিত অর্থনীতিবিদদের এক আন্তর্জাতিক সমীক্ষায়।

বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জন অর্থনীতিবিদকে নিয়ে গত ১১ মে থেকে ৫ জুন পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। এতে অংশ নেওয়া ৩৫ শতাংশ অর্থনীতিবিদ মনে করেন, আগামী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। অন্যদিকে তাদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্পেনের পক্ষে মত দিয়েছেন ৩১ শতাংশ অংশগ্রহণকারী।

সমীক্ষার এই পূর্বাভাস বাস্তবে রূপ নিলে ফ্রান্স তাদের ইতিহাসের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতবে। এর আগে ১৯৯৮ এবং ২০১৮ সালে বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিয়েছিল ফরাসিরা। এছাড়া ২০২২ সালের বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল দলটি।

ফ্রান্স ও স্পেনের পর শিরোপার সম্ভাব্য দাবিদার হিসেবে সেরা পাঁচের তালিকায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পর্তুগাল এবং ইংল্যান্ড।

অন্যদিকে, সমীক্ষায় অংশ নেওয়া প্রায় এক-তৃতীয়াংশ অর্থনীতিবিদ মনে করেন, ফুটবল পরাশক্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতার মুখে পড়তে পারে ব্রাজিল। সম্ভাব্য হতাশাজনক পারফরম্যান্সের তালিকায় ব্রাজিলের পর রয়েছে ইংল্যান্ড ও জার্মানি।

ফ্রান্সকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে দেখার পেছনে নিজের যুক্তিও তুলে ধরেছেন লন্ডনভিত্তিক আরবিসি-এর সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি। তার মতে, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলে এবার আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ফ্রান্স।

ক্যাথাল কেনেডি বলেন, ‘২০২২ সালের ফাইনালের হতাশা ভুলে এবার ফ্রান্স আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে। দলটির অধিকাংশ খেলোয়াড় এখন ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং পিএসজির কয়েকজন তরুণ তারকা দলটিকে আরও ভারসাম্যপূর্ণ করেছেন। সবচেয়ে বড় কথা, তারা এবার একজন সতেজ কিলিয়ান এমবাপ্পেকে দলে পাচ্ছে।

/এসএন