• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম


মেসিকে শেষবার দেখতে হুড়োহুড়ি, টিকিটের দাম বেড়ে ১৫ লাখ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ৮:৫৩ পিএম

আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে টিকিটের চড়া দাম ও অনিয়মের অভিযোগ উঠেছে। টিকিট পুনর্বিক্রেতা ও অননুমোদিত এজেন্সিগুলোর কারসাজিতে একেকটি টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা পর্যন্ত উঠেছে।আগামীকাল বুধবার (৭ অক্টোবর) সকালে বুয়েনস আইরেসে স্বাগতিক আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকার দেশ বেনিন। মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় ঐতিহাসিক এই ম্যাচটি মাঠে বসে দেখার জন্য সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নির্ধারিত মূল্যে বৈধ চ্যানেলে ছাড়া টিকিট মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। এরপরই টিকিট পুনর্বিক্রেতা ও একাধিক এজেন্সি চড়া দামে সেগুলো বিক্রি শুরু করে।এএফএ নির্ধারিত গ্যালারির সবচেয়ে কম দামি টিকিটের মূল মূল্য ছিল ৯০ হাজার পেসো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ হাজার ৫০০ টাকা। কিন্তু পুনর্বিক্রয়ের বাজারে একই টিকিটের দাম এখন উঠেছে প্রায় ৬ লাখ পেসো বা প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ মূল দামের তুলনায় প্রায় সাত গুণ বেশি দামে বিক্রি হচ্ছে টিকিটটি।তবে সবচেয়ে বেশি দাম হাঁকছে ‘মুদো ভুয়েলা’ নামের একটি ক্রীড়াবিষয়ক ট্রাভেল প্রতিষ্ঠান। নিজেদের আর্জেন্টিনা জাতীয় দলের অফিশিয়াল এজেন্সি হিসেবে দাবি করে প্রতিষ্ঠানটি একটি ‘ভিআইপি এক্সপেরিয়েন্স’ প্যাকেজের দাম নির্ধারণ করেছে ১৮ লাখ পেসো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ ৩০ হাজার টাকা।তবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘মুদো ভুয়েলা’কে তারা কোনো ধরনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে সমর্থকদের ব্যাপক আগ্রহ ও টিকিটের অতিরিক্ত চাহিদাকেই কাজে লাগাচ্ছেন পুনর্বিক্রেতারা। এ সুযোগে বৈধ মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে টিকিট বিক্রি করে বড় ধরনের মুনাফা করার চেষ্টা চলছে।বিশ্বজয়ী অধিনায়ককে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে দেখার আকাঙ্ক্ষা থেকেই সমর্থকদের মধ্যে টিকিটের জন্য এমন উন্মাদনা তৈরি হয়েছে। আর সেই আবেগ ও চাহিদাকে কেন্দ্র করেই জমে উঠেছে টিকিটের এই বাড়তি বাণিজ্য।

/বিএসএস