প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন, মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এ কার্যক্রমের কারণে নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এসব ব্যাংকের গ্রাহকেরা। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ (Q-Cash) নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে। এর কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এ অবস্থায় গ্রাহকদের স্বার্থ এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ইতোমধ্যে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। পাশাপাশি অতি শিগগিরই স্যুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক লেনদেন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত অন্যান্য প্ল্যাটফর্ম, যেমন—বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস পেমেন্ট সিস্টেম (BACPS), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS)-এর কার্যক্রমও স্বাভাবিক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময়ে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
/এএসএফ