আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ ঘিরে উচ্ছ্বাস থাকলেও মাঠের লড়াইয়ে কোনো ছাড় দিতে রাজি নয় আফ্রিকার দেশ বেনিন। তবে ফুটবলের মহাতারকা মেসিকে থামাতে বিশেষ কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিয়ানি।আগামীকাল বুধবার (৭ অক্টোবর) বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় ভোর ৫টায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে বেনিন। রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির জন্য এটি আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ হতে যাচ্ছে।ঐতিহাসিক এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে বেনিন। তবে ম্যাচটিকে শুধু প্রতিদ্বন্দ্বিতা হিসেবে না দেখে উপভোগ করতেই বেশি আগ্রহী দলটির ফুটবলাররা।বেনিনের ডিফেন্ডার তিয়ানি বলেন, ‘আমাদের মেসিকে আটকানোর আলাদা কোনো মানে নেই। সে বিশ্বের সেরা, আমার কাছে তো সে ঈশ্বরের মতো। আমরা শুধু মাঠের খেলাটা উপভোগ করতে চাই।’ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে। বিপরীতে বেনিনের অবস্থান ৮৯তম। ফলে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে অবিশ্বাস্য কিছু করে দেখানোর সুযোগ রয়েছে আফ্রিকার দলটির সামনে।বেনিনের গোলরক্ষক মার্সেল দাঞ্জিনুও অবশ্য লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দেওয়ার ঘোষণা দিয়েছেন। মেসির বিদায়ী ম্যাচ হলেও মাঠে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলেই স্পষ্ট করেছেন তারা।তবে কঠিন ম্যাচের আগে স্বাগতিক শহর বুয়েনস আইরেসের পরিবেশও বেশ উপভোগ করছেন বেনিনের ফুটবলাররা। শহরের রাস্তায় কেনাকাটার সময় আর্জেন্টাইন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিয়ানি।সেখানে তিনি জানান, নিজের সন্তানের জন্য স্মারক হিসেবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী মাতে কাপও কিনেছেন। ফলে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আর্জেন্টিনার সংস্কৃতি ও পরিবেশও উপভোগ করছে আফ্রিকার দলটি।
/বিএসএস