বিশ্বকাপ মিশনে অংশ নিতে নিজ দেশ ছেড়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। সেলেসাওদের বহনকারী বিমান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তবে যাত্রাপথে বিমানবন্দরে তাদের জন্য ছিল এক ব্যতিক্রমী আয়োজন। রানওয়ে ছাড়ার আগে দুটি ফায়ার ইঞ্জিন থেকে পানি ছিটিয়ে পুরো বিমানটিকে ভিজিয়ে দেওয়া হয়, যা দেখে অনেকের কাছেই বিমানের ‘গোসল’ বলে মনে হতে পারে।
আসলে এটি বিমান চলাচল খাতে পরিচিত একটি বিশেষ সম্মাননা, যার নাম ‘ওয়াটার স্যালুট’। গুরুত্বপূর্ণ বা স্মরণীয় কোনো যাত্রা উপলক্ষে বিমানকে শুভকামনা জানাতে এই প্রতীকী আয়োজন করা হয়। অনেকেই এটিকে বিমানের জন্য এক ধরনের আশীর্বাদ হিসেবেও বিবেচনা করেন।
দীর্ঘ ২৪ বছরের বিশ্বকাপ শিরোপার খরা কাটানোর লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে মাঠে নামছে ব্রাজিল। সেই ঐতিহাসিক অভিযাত্রার শুরুতে দলের জন্য শুভকামনা জানাতেই এই বিশেষ আয়োজন করা হয়।
জানা গেছে, বিমানবন্দরের কর্মীরা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের বিশেষ অনুমতি নিয়ে সেলেসাওদের জন্য এই অনন্য বিদায় সংবর্ধনার ব্যবস্থা করেন।
‘ওয়াটার স্যালুট’-এর মধ্য দিয়ে যাত্রা শুরু করা ব্রাজিল দল নিরাপদে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরে পৌঁছেছে।
তবে বিশ্বকাপের মূল মিশন শুরুর আগেই একটি বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল শিবির। কাফ স্ট্রেইন বা পায়ের পেশির চোটের কারণে দলের অন্যতম সেরা তারকা এবং সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে শুরুর কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে।
নেইমারকে ছাড়াই আগামী ৬ জুন মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপের মূল অভিযান।
/এসএন