• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ পিএম


কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রা’ণ গেল পর্যটকের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ৮:৫৯ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকত ঘুরে হোটেলে ফেরার পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। তিনি ওই এলাকার ফাতেমাতুজ্জুহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা আজমল হোসেন জানান, স্বজনদের সঙ্গে ইজিবাইকে করে সুগন্ধা সৈকত থেকে ফেরার সময় সীমার ওড়না হঠাৎ ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ফুফাতো ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নতুন বৌসহ ফুফির পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন সীমা। সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে দেবিদ্বারের বড় আলমপুর থেকে ১৫ জনের একটি দল কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়ে সেখানে পৌঁছায়।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা সবাই মিলে সুগন্ধা সৈকতে ঘুরতে যান। সেখানে কিছু সময় কাটানোর পর ইজিবাইকে করে ফেরার পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি সীমাকে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এসএন