• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম


বিদায়ী ম্যাচে মেসিকে লাল-হলুদ কার্ড উপহার দিলেন রেফারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ অক্টোবর ২০২৬ ১১:২২ এএম

আন্তর্জাতিক ফুটবলে কোনো খেলোয়াড় অপরাধ করলে তাকে শাস্তি দিতে রেফারিরা সাধারণত লাল ও হলুদ কার্ড ব্যবহার করেন। তবে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচে এই কার্ড দুটির অর্থ ছিল সম্পূর্ণ ভিন্ন। শাস্তির বদলে সম্মানের স্মারক হিসেবেই মেসির হাতে লাল ও হলুদ কার্ড তুলে দেন ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার।

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ হওয়ার পর মাঠের পুরো মনোযোগ ছিল মেসিকে ঘিরে। শেষ বাঁশি বাজানোর পর আর্জেন্টাইন অধিনায়কের কাছে এগিয়ে যান ভেখার। তার হাতে ছিল বিশেষ একটি উপহার—লাল ও হলুদ কার্ডের সেট।

ম্যাচে খেলোয়াড়দের শাস্তি দিতে ব্যবহৃত এই দুটি কার্ডই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মৃতি হিসেবে তাকে উপহার দেন রেফারি। সম্মানসূচক এই স্মারক নিজের কাছে রেখে দেন আর্জেন্টাইন তারকা।

বিদায়ী ম্যাচটিও মেসির জন্য হয়ে ওঠে স্মরণীয়। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের করা দুটি গোলে সহায়তা করার পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন মেসি।

ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে তার নামের পাশে যোগ হয় একটি গোল ও দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ২০৮তম ম্যাচ খেলতে নেমে নিজের শেষ আন্তর্জাতিক গোলটিও করেন তিনি।

আলবিসেলেস্তেদের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সময় মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১২৬ এবং অ্যাসিস্ট ৭০টি।

বিদায়ী ম্যাচের স্মৃতি আরও বিশেষ করে তুলতে শুধু লাল-হলুদ কার্ডই নয়, ম্যাচে ব্যবহৃত বলটিও মেসির হাতে তুলে দেওয়া হয়। এভাবেই আন্তর্জাতিক ফুটবলে তার শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখার আয়োজন করা হয়।

/এএসএফ