২০২৭ আইপিএল মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নতুন মৌসুমে তার অধীনেই আইপিএলের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি।
২০১৯ সাল থেকেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বিভিন্ন দায়িত্বে যুক্ত রয়েছেন সৌরভ গাঙ্গুলি। শুরুতে তিনি দলটির পরামর্শক হিসেবে কাজ করেন। তবে গত দুই মৌসুমে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন হেমাং বাদানি।
বিসিসিআই সভাপতির দায়িত্ব শেষ করার পর ভারতের পুরুষ ও নারী জাতীয় দলের পরিচালক হিসেবেও কাজ করেছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর সৌরভ গাঙ্গুলি বলেন, আইপিএলে কোচ হিসেবে কাজ করার জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। দিল্লি ক্যাপিটালস তার কাছে বিশেষ একটি ফ্র্যাঞ্চাইজি বলেও উল্লেখ করেন তিনি।
গাঙ্গুলি জানান, দলের মালিকপক্ষ, ব্যবস্থাপনা, সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এবার প্রধান কোচের দায়িত্ব নিয়ে তার লক্ষ্য প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী ও আগ্রাসী দল গড়ে তোলা।
আইপিএলে এখনো শিরোপার স্বাদ পায়নি দিল্লি ক্যাপিটালস। ২০২০ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল দলটি। তবে সেই ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হয় তাদের।
এর পরের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও ফাইনালে জায়গা করে নিতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ২০২১ সালের পর থেকে আর কোনো মৌসুমে প্লে-অফে উঠতে পারেনি দলটি।
সর্বশেষ মৌসুমে অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির অধীনে খেলেছে দিল্লি। সেই আসরে ষষ্ঠ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে দলটি।
এবার নতুন প্রধান কোচ সৌরভ গাঙ্গুলির অধীনে দিল্লি ক্যাপিটালসের লক্ষ্য প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জয় করা।
/এসএন