• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৭ এএম


নেপালের হৃদয় ভেঙে টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুন ২০২৬ ৮:৪২ পিএম

রুদ্ধশ্বাস লড়াই, নাটকীয় প্রত্যাবর্তন আর শেষ মুহূর্তের উত্তেজনায় ভরা এক সেমিফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল ২-১ গোলে হারিয়েছে নেপাল নারী ফুটবল দল-কে।

যোগ করা সময়ে নেপালের আত্মঘাতী গোলেই আসে বাংলাদেশের এই স্মরণীয় জয়।ভারতের গোয়ায় অনুষ্ঠিত ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। ২৩তম মিনিটে দীপা শাহির কর্নার থেকে গীতা রানির দুর্দান্ত হেডে এগিয়ে যায় নেপাল। এরপর ৩৬তম মিনিটে ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিল তারা।

তবে প্রীতি রাজের জোরালো শট গোলরক্ষক মিলি আক্তারের স্পর্শে পোস্টে লেগে ফিরে আসায় রক্ষা পায় বাংলাদেশ।গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধের শেষ দিকে একের পর এক আক্রমণে নেপালের রক্ষণভাগকে চাপে রাখে তারা।

অবশেষে বিরতির ঠিক আগে কর্নার কিক থেকে সরাসরি অসাধারণ এক গোল করে দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা।দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নেপাল একাধিক সুযোগ তৈরি করলেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। বাংলাদেশের জাল লক্ষ্য করে নেওয়া কয়েকটি শট পোস্ট কিংবা ক্রসবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

অন্যদিকে ৭৮তম মিনিটে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের সাগরিকা। কিন্তু নেপালের অধিনায়ক ও গোলরক্ষক সুব্বা দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢোকার চেষ্টা করেন সাগরিকা।

তার চাপে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন নেপালের এক ডিফেন্ডার।এই আত্মঘাতী গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর ফলে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা। এখন তাদের লক্ষ্য টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখা।

/বিএসএস