• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:৫৯ এএম


কুুড়িগ্রামে মোরগ পোলাওয়ের প্যাকেটে মিলল আস্ত ব্যাঙ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ৭:২৬ এএম

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোরগ পোলাওয়ের খাবারের প্যাকেটের ভেতর আস্ত একটি ব্যাঙ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সোমবার (১ জুন) বিকেলে উপজেলা প্রশাসন এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

জানা গেছে, উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের খাবার পরিবেশনের সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা।

বিশেষ করে শিশুদের খাবার পরিবেশনের সময় এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে।

তিনি বলেন, “এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।”

স্থানীয়রা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

/এএসএফ