২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর বেশি সময় বাকি নেই। তার আগেই বিশ্ব ফুটবলে বড় চমক দিল স্পেন। বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে অবাক করা বিষয় হলো, এই দলে জায়গা হয়নি স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের।
স্পেনের ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা ঘটল, যখন রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে নেই। সম্ভাব্য সদস্য হিসেবে আলোচনায় থাকা ডিন হুউসেন, আলভারো কারেরাস ও গনসালো গার্সিয়ার বাদ পড়া নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
শুধু তাই নয়, অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতাকেও দলে রাখা হয়নি। এতে স্পষ্ট হয়েছে, ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে নতুন ভারসাম্যপূর্ণ দল গঠনের পথে হাঁটছে স্পেন।
মাঝমাঠে কোচের আস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পেদ্রি, গাভি, দানি ওলমো, ফাবিয়ান রুইজ, রদ্রি ও মিকেল মেরিনোরা। তবে চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি ফেরমিন লোপেজের।
আক্রমণভাগে সবচেয়ে বেশি নজর থাকবে তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের দিকে। তাঁদের সঙ্গে রয়েছেন ফেরান তোরেস, মিকেল ওইয়ারজাবাল এবং ইয়েরেমি পিনো।
রক্ষণভাগেও নতুন মুখের ওপর আস্থা রেখেছেন ফুয়েন্তে। পাউ কুবারসি, মার্ক পিউবিল ও এরিক গার্সিয়াদের মতো তরুণদের নিয়ে সাজানো হয়েছে স্পেনের রক্ষণদুর্গ।
স্পেনের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন উনাই সিমোন, দাভিদ রায়া ও হোয়ান গার্সিয়া।
রক্ষণভাগে আছেন মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে, মার্ক পিউবিল, এরিক গার্সিয়া, মার্কোস লরেন্তে ও পেদ্রো পোরো।
মাঝমাঠে জায়গা পেয়েছেন পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রি, আলেক্স বায়েনা ও মিকেল মেরিনো।
আক্রমণভাগে রয়েছেন লামিনে ইয়ামাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, মিকেল ওইয়ারজাবাল, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোরহা ইগলেসিয়াস ও ভিক্টর মুনোজ।