• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম


রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৬ এএম

রোমাঞ্চকর লড়াইয়ের পর ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৯ রান। চোট নিয়েও শেষদিকে ব্যাটিংয়ে ফিরে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন অধিনায়ক জস বাটলার। তবে ওভারের প্রথম বলেই তার বিদায়ে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রতিরোধ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লিডসের হেডিংলিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ইনিংসের শুরুতে পাথুম নিসাঙ্কা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে আসে ৪৫ রান। ৩৩ বলে ২৫ রান করে নিসাঙ্কা আউট হওয়ার পর অধিনায়ক কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন কামিন্দু।কামিন্দু ও কুশলের ব্যাটে দ্রুত বাড়তে থাকে শ্রীলঙ্কার রান। দুজনই তুলে নেন অর্ধশতক। ৬৫ বলে ৫৪ রান করে কামিন্দু মেন্ডিস ফিরে গেলেও আক্রমণ চালিয়ে যান কুশল। শেষ পর্যন্ত ১০০ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ২২২ রানের সময় সাজঘরে ফেরেন তিনি।কুশল মেন্ডিসের বিদায়ের পরও শ্রীলঙ্কার রানের গতি কমেনি। আসালাঙ্কা ১১ রান করে ফিরে গেলেও পাভান রাথনায়েকে ৩৯ বলে ৪৮, জানিথ লিয়ানাগে ২৬ বলে ৩২ এবং দুনিথ ভেল্লালাগে ১৫ বলে ১৬ রান করেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।ইংল্যান্ডের বোলারদের মধ্যে রেহান আহমেদ ও গাস অ্যাটকিনসন দুটি করে উইকেট নেন। জফরা আর্চার শিকার করেন একটি উইকেট।৩২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ড। বেন ডাকেট ও টম ব্যান্টনের ব্যাটে আসে ১৪৩ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি। ডাকেট ৬৩ বলে ৬৭ রান করে আউট হন। এরপর ব্যান্টনও ৬২ বলে ৭৩ রান করে সাজঘরে ফেরেন।দুই ওপেনারের বিদায়ের পর ইংল্যান্ডের রান তোলার গতি কিছুটা কমে আসে। জো রুট ১৭ বলে ১৫ রান করে ফিরে যান। হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক জস বাটলার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নিয়ে দলকে জয়ের পথে রাখেন তিনি।তবে চোটের কারণে একপর্যায়ে মাঠ ছাড়তে হয় বাটলারকে। তার অনুপস্থিতিতে ইংল্যান্ডের রান তোলার গতি আবারও বাধাগ্রস্ত হয়। উইল জ্যাকস অবশ্য লড়াই চালিয়ে যান। ৬১ বলে ৫২ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে ম্যাচে ধরে রাখেন তিনি।শেষদিকে আবারও ব্যাট হাতে মাঠে ফেরেন বাটলার। শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। কিন্তু ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরে যান ইংলিশ অধিনায়ক। ৪৯ বলে ৬৯ রানের লড়াকু ইনিংসে থামে তার চেষ্টা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড।শেষ পর্যন্ত ৩০৫ রানে অলআউট হয়ে ১৬ রানে ম্যাচটি হারে ইংল্যান্ড।শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন দুনিথ ভেল্লালাগে। তিনি নেন ৩ উইকেট। ইশান মালিঙ্গা ও দিলশান মাদুশাঙ্কা পান দুটি করে উইকেট। এ ছাড়া আসিথা ফার্নান্দো ও সাচিন্দু কলম্বাগে একটি করে উইকেট নেন।এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। ফলে সিরিজের শেষ ওয়ানডের ফলেই নির্ধারিত হবে ট্রফি যাবে কোন দলের হাতে।

/বিএসএস