গত চার মৌসুমে তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন আর্লিং হালান্ড। দুর্দান্ত গোলস্কোরিং পারফরম্যান্সে আবারও ইংলিশ ফুটবলে নিজের আধিপত্য প্রমাণ করলেন ম্যানসিটির এই নরওয়েজিয়ান তারকা।তবে ব্যক্তিগত অর্জনের দিনেও হতাশা সঙ্গী হয়েছে ম্যানসিটির। ইত্তিহাদ স্টেডিয়ামে কোচ পেপ গার্দিওলার বিদায়ী ম্যাচে ২-১ গোলে হেরে গেছে ম্যানসিটি। এদিন মাঠে ছিলেন না হালান্ডও।
১০ বছরের সফল অধ্যায়ের সমাপ্তি টেনে ম্যানসিটির দায়িত্ব ছাড়েন গার্দিওলা। কিন্তু শিষ্যরা তাকে জয় দিয়ে বিদায় জানাতে পারেনি। অ্যাস্টন ভিলার কাছে পরাজয়ে হতাশ হয় স্বাগতিক সমর্থকেরাও।চলতি মৌসুমে ৩৫টি লিগ ম্যাচে ২৭ গোল করেছেন হালান্ড।
যদিও শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত অল্প ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যানসিটি। প্রিমিয়ার লিগ ট্রফি উঠেছে আর্সেনালের হাতে।গোল্ডেন বুট জয়ের মাধ্যমে হালান্ড এখন প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সফল গোলদাতাদের কাতারে। তিনবার করে এই পুরস্কার জেতা অ্যালান শিয়ারার ও হ্যারি কেনের পাশে নাম লিখিয়েছেন তিনি।
আর চারবার করে গোল্ডেন বুট জিতে শীর্ষে রয়েছেন মোহাম্মদ সালাহ ও থিয়েরি অঁরি।এবার গোল্ডেন বুটের দৌড়ে ২২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ইগর থিয়াগো। ব্রেন্টফোর্ডের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরম্যান্স তাকে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে দিয়েছে।
মৌসুমের শুরুতেই ভয়ংকর রূপে দেখা গিয়েছিল হালান্ডকে। প্রথম ১৭ ম্যাচেই করেছিলেন ১৯ গোল। পরে কিছুটা ছন্দ হারালেও শেষ দিকে আবার গোলের ধারায় ফিরে এসে নিশ্চিত করেন নিজের তৃতীয় গোল্ডেন বুট।
/বিএসএস