• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ এএম


মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নেতৃত্বে আসছেন রোমেরো

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৫ পিএম

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর নেতৃত্বের ক্রমে আগে থেকেই তৃতীয় অধিনায়ক হিসেবে ছিলেন রোমেরো।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আর্জেন্টিনার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নতুন অধিনায়ক নিয়ে প্রশ্নের উত্তর দেন স্কালোনি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ম্যাচের পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বের নতুন অধ্যায়ে রোমেরোকে সামনে রাখার কথা জানান কোচ।

স্কালোনি বলেন, ‘অধিনায়ক হবে কুতি। লিও ও ওতার (নিকোলাস ওতামেন্দি) পর সে আগেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও আছে, যে আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগোও পারে, যদিও এই দুই ম্যাচে সে থাকবে না।’

স্কালোনির বক্তব্য অনুযায়ী, এমিলিয়ানো মার্তিনেজ ও রদ্রিগো দি পলও আর্জেন্টিনার নেতৃত্ব দেওয়ার বিকল্প হিসেবে রয়েছেন। তবে প্রথম পছন্দ হিসেবে রোমেরোকেই দেখা হচ্ছে। এর আগেও মেসি ও ওতামেন্দির অনুপস্থিতিতে কয়েকটি ম্যাচে আর্জেন্টিনা জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রোমেরো।

আর্জেন্টিনার রক্ষণভাগে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন রোমেরো। লিওনেল স্কালোনির অধীনে জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলেরও সদস্য ছিলেন এই ডিফেন্ডার।

আগস্টের শেষ দিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। এরপর তার বিদায়ী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে সেই ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নেতৃত্বে যে পরিবর্তন আসছে, তার প্রথম সারিতেই থাকছেন ক্রিস্তিয়ান রোমেরো। দীর্ঘদিনের অধিনায়ক মেসিকে বিদায় জানানোর পর নতুন নেতৃত্বে আর্জেন্টিনা কীভাবে এগিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।

/এসএন