আসন্ন উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করতে আয়ারল্যান্ডের জাতীয় ফুটবল দলের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ১৬০ জনেরও বেশি ক্রীড়াবিদ। এ দাবিতে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদরা।সোমবার এ তথ্য জানিয়েছে ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ নামের একটি সংগঠন।সূচি অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর হাঙ্গেরিতে এবং ৪ অক্টোবর সার্বিয়ায় ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে আয়ারল্যান্ডের। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ক্ষোভের কারণে ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যুতে এবং দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হবে।‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ জানিয়েছে, খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অলিম্পিয়ান সিয়ারা ম্যাগিয়ান, সাবেক ফুটবলার লুইস কুইন, সাবেক রাগবি ফ্লাইহাফ টনি ওয়ার্ড এবং বক্সার টাইরন ম্যাককেনা ও এরিক ডোনোভানের মতো ক্রীড়াবিদরা।চিঠিতে বলা হয়েছে, “এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই মুহূর্তে আপনারা সঠিক কাজ করার সুযোগ পাচ্ছেন। ম্যাচ না খেলা হবে সবচেয়ে ক্রীড়াসুলভ পদক্ষেপ। আপনাদের নেতৃত্ব ও সাহসের মাধ্যমে খেলাধুলার শক্তি একত্রিত হওয়ার বার্তা দেবে, আমাদের যৌথ মূল্যবোধের কথা মনে করিয়ে দেবে এবং খেলার বাইরেও প্রভাব ফেলবে।”এর আগে মে মাসেও শীর্ষস্থানীয় আইরিশ ফুটবলাররা বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে একই ধরনের বয়কটের আহ্বান জানিয়েছিলেন।ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড ইসরায়েলের গাজা অভিযান ও সেখানে সৃষ্ট মানবিক পরিস্থিতির অন্যতম সরব সমালোচক। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা ২০২৫ সালের শেষ দিকে ইসরায়েলকে অবিলম্বে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার জন্য উয়েফার প্রতি আহ্বান জানানোর পক্ষে বিপুল ভোটে রায় দেন।তবে পরবর্তী সময়ে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) জানায়, সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং জাতীয় দল ও সংগঠনের ওপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কায় তারা নির্ধারিত ম্যাচগুলো খেলবে।আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন গত সপ্তাহে জানান, তিনি খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। তিনি বলেন, “আমাদের কেউই এই ম্যাচগুলো খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না।”
/বিএসএস