পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রোববার (১৭ মে) সন্ধ্যায় দেশটির ধর্ম মন্ত্রণালয় জিলহজ মাস শুরুর তারিখ এবং ঈদুল আজহার দিন ঘোষণা করে।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে আগামী ১৮ মে (সোমবার) থেকে। সেই হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।
দেশটির বার্তা সংস্থা আনতারার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজধানী জাকার্তায় আয়োজিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘চাঁদের হিসাব ও পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, ১৪৪৭ হিজরি সনের ১ জিলহজ হবে আগামী ১৮ মে। ফলে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে (বুধবার)।’
ধর্মমন্ত্রী আরও জানান, ইন্দোনেশিয়ার ৮৮টি ভিন্ন ভিন্ন স্থানে নতুন চাঁদ পর্যবেক্ষণের ফলাফলের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/এসএন