বাংলাদেশি ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অনুসারী থাকা আজহারী এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোতে নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন। ‘বিশ্বাসের উত্তরাধিকার’ শীর্ষক সিরিজের অংশ হিসেবে তিনি ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। তার সফরের সূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা অন্তর্ভুক্ত ছিল।
তবে মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়, অতীতে দেওয়া কিছু বক্তব্যের কারণে তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেখানে তিনি ইহুদিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানিয়েছেন, আজহারীর সফর নিয়ে বিভিন্ন গোষ্ঠী আগেই সংসদ সদস্যদের সতর্ক করেছিল। তিনি বলেন, অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ বিভিন্ন সংগঠন এ বিষয়ে উদ্বেগ জানিয়েছিল।
উল্লেখ্য, আজহারীর বক্তৃতা সফর সোমবার ব্রিসবেনে শুরু হওয়ার কথা ছিল এবং পরবর্তী সময় মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল।