• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম


‘যা করতে চেয়েছিলাম, তা কি করতে পেরেছি?’—মৃ’ত্যুর আগে নানা পাটেকারের সেই আবেগঘন বক্তব্য ঘিরে নতুন আলোচনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ অক্টোবর ২০২৬ ৩:৪৫ পিএম

‘আমি জানি না কাল আমি বেঁচে থাকব কি না। জীবনের শেষ প্রান্তে সবাইকে পৌঁছাতেই হবে। কিন্তু তার আগে নিজেকে প্রশ্ন করা উচিত, যা করতে চেয়েছিলাম, তা কি করতে পেরেছি?’—মৃত্যুর মাত্র চার দিন আগে এক অনুষ্ঠানে জীবন ও মৃত্যুর চিরন্তন সত্য নিয়ে এভাবেই আবেগঘন কথা বলেছিলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার।

অবশেষে নিজের সেই গভীর উপলব্ধিকে সত্যি করে চিরবিদায় নিলেন ভারতীয় চলচ্চিত্রের ৭৫ বছর বয়সী এই শক্তিশালী অভিনয়শিল্পী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ভারতের গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর মাত্র চার দিন আগে, গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাউলায় ‘সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’-এর একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নানা পাটেকার। সেদিন সাদা কুর্তা ও স্কার্ফ পরা অবস্থায় জীবনের নশ্বরতা এবং সমাজের প্রতি মানুষের দায়িত্ব নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন তিনি। তার মৃত্যুর পর সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ঘনিষ্ঠ বন্ধু ও গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পার্রিকরকে স্মরণ করে অনুষ্ঠানে নানা পাটেকার বলেছিলেন, ‘আমাদের জগত যদি কেবল নিজেদের পরিবার, স্ত্রী আর সন্তানের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে, তবে এই জীবনের অর্থ কী? সমাজ থেকে যা পেয়েছি, তার কিছুটা অন্তত ফিরিয়ে দিয়ে যেতে হবে।’

শালীনতা ও নাগরিক দায়িত্ববোধের ওপরও গুরুত্ব দেন এই স্পষ্টভাষী অভিনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিছু আদর্শ আমার পছন্দ, আবার কিছু একদম পছন্দ নয়। সেটা স্পষ্টভাবে জানানোর সাহস থাকতে হবে। তিনি যা করেন সবই যে ভুল, তা কখনোই নয়। কোনো কিছু অপছন্দ হলে প্রতিবাদ করা নাগরিকের অধিকার, তবে সেই প্রতিবাদের ভাষাও শালীন হওয়া চাই। জনসম্মুখে কথা বলার সময় ন্যূনতম ভদ্রতা না থাকলে বক্তব্যের গুরুত্ব হারিয়ে যায়।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে নানা পাটেকারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা টানা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সময় নানা পাটেকারের ছেলে মালহার পাটেকার পুনেতে অবস্থান করছিলেন। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে গোয়ার উদ্দেশে রওনা হন।

তার আকস্মিক প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

/এসএন