• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম


কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগদান মিথিলার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ অক্টোবর ২০২৬ ৩:৪০ পিএম

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘ দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে কাজ করার পর এবার যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি দীর্ঘ পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই নতুন পেশাগত যাত্রার খবর জানিয়েছেন মিথিলা।

কলম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ বা সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেছেন তিনি। সেখানে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন মিথিলা।

নিজের নতুন কাজের লক্ষ্য সম্পর্কে ফেসবুক পোস্টে মিথিলা জানান, এই উদ্যোগের আওতায় প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করা হবে। বিশেষ করে জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারগুলোকে শিশুদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পরিবেশের সঙ্গে যুক্ত করার বিষয়টি এতে গুরুত্ব পাবে।

মিথিলা আশা প্রকাশ করেন, স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর সমন্বয় ঘটানো এবং তথ্য-উপাত্ত ও প্রমাণ তৈরির মাধ্যমে কার্যক্রমকে আরও এগিয়ে নিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নিজের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন।

গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন মিথিলা। তিনি জানিয়েছেন, একই সময়ে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছেন। সেখানে তিনি ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার কাজও করছেন।

দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। নিজের পেশাগত পথচলার জন্য ব্র্যাকের কাছে তিনি মনেপ্রাণে কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।

বিনোদন জগতের কাজের বাইরে ব্র্যাকের সঙ্গে কাটানো দুই দশকের পেশাগত জীবনের মধ্যে ১৫ বছর তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন। দীর্ঘ এই অভিজ্ঞতাই তার নতুন গবেষণাভিত্তিক কাজের ক্ষেত্রেও কাজে লাগবে বলে জানিয়েছেন তিনি।

কলম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশ্বের অন্যতম সেরা গবেষণা অবকাঠামো এবং মেধাবী গবেষকদের একটি দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিথিলা। নতুন এই যাত্রায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

নতুন দায়িত্বের মধ্য দিয়ে আপাতত ক্যামেরার আলো থেকে কিছুটা দূরে থেকে নিজের দীর্ঘদিনের বৈশ্বিক অভিজ্ঞতাকে নতুনভাবে কাজে লাগাতে চান এই অভিনয়শিল্পী ও উন্নয়নকর্মী।

/এসএন