বিয়ে, প্রেম ও সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনায় থাকেন বিনোদন অঙ্গনের তারকারা। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিয়ের খবরের পাশাপাশি তারকাদের বিচ্ছেদের খবরও যেন নিয়মিতই সামনে আসছে। একেকটি বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হচ্ছে নানা আলোচনা, জল্পনা-কল্পনা। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হয়েছে সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের নাম।দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। তাদের ভাষ্য, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি হঠাৎ করে হয়নি বলেও জানিয়েছেন তারা। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।এর আগে চলতি বছরই বিচ্ছেদের খবর দিয়ে আলোচনায় আসেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং রোজা আহমেদ। ২০২৫ সালের জানুয়ারিতে বিয়ে করেছিলেন এই দম্পতি। তাদের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন চলছিল। পরে তাহসান নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তারা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন। তবে বিচ্ছেদের নির্দিষ্ট কারণ তখন প্রকাশ্যে আনেননি তিনি।২০২৬ সালের মার্চে বিচ্ছেদের পথে হাঁটার খবর আসে অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানার। ২০২৪ সালের জানুয়ারিতে বিয়ে করেছিলেন তারা। বিচ্ছেদের খবরের সত্যতা নিশ্চিত করে মৌসুমী হামিদ জানিয়েছিলেন, এ বিষয়ে বিস্তারিত বলার মতো অবস্থায় তিনি নেই।২০২৫ সালেও শোবিজ অঙ্গনে একাধিক বিচ্ছেদের খবর সামনে আসে। সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও গোলাম মোহাম্মদ ইফতেখারের ছয় বছরের সংসারের ইতি ঘটে ওই বছরের জুনে। কণা নিজেই তাদের বিচ্ছেদের কথা জানান।একই বছরের শেষ দিকে বিচ্ছেদের খবর আসে সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার সংসারে। ২০১৮ সালে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেছিলেন তিনি। ২০২৫ সালের ২৯ নভেম্বর তাদের বিচ্ছেদ হয় বলে সালমা নিজেই নিশ্চিত করেন। তার সাবেক স্বামীও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের বিষয়টি জানান। তিনি বলেন, পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই তাদের আলাদা হওয়ার কারণ।একই বছর প্রকাশ্যে আসে অভিনেতা রাশেদ মামুন অপুর বিচ্ছেদের খবরও। সংবাদপাঠিকা মমরেনাজ মোমোর সঙ্গে তার সংসার ভেঙেছিল প্রায় ছয় বছর আগে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে ২০২৫ সালের ডিসেম্বরে।এর আগে ২০২৪ সালেও শোবিজ অঙ্গনে একাধিক আলোচিত বিচ্ছেদ ঘটে। ওই বছরের ফেব্রুয়ারিতে চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। ২০২১ সালে তাদের বিয়ে হয়েছিল।একই বছরের জুলাইয়ে প্রায় সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন অভিনেতা আরিফিন শুভ ও অর্পিতা সমাদ্দার। দুজনের বিচ্ছেদ ছিল পারস্পরিক সিদ্ধান্তে।এরও আগে আলোচনায় ছিল পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদ। ২০২৪ সালে তাদের সম্পর্কের টানাপোড়েন ও আলাদা থাকার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বিচ্ছেদের পর সন্তানকে ঘিরে দুজনের যোগাযোগ নিয়েও বিভিন্ন সময়ে নানা খবর প্রকাশিত হয়।তবে শোবিজ অঙ্গনে বিচ্ছেদের এই তালিকা আরও দীর্ঘ। তাহসান-মিথিলা, নোভা-রায়হান, হাবিব-রেহান, শখ-নিলয়, বাঁধন-সনেট, হৃদয় খান-সুজানা, মিলা-পারভেজ সানজারির মতো আলোচিত জুটির সংসারও বিভিন্ন সময়ে ভেঙেছে।ফলে গত এক দশকে বিনোদন অঙ্গনে বিয়ে ও বিচ্ছেদ—দুটিই তারকাদের ব্যক্তিজীবনের আলোচিত অংশ হয়ে উঠেছে। তারকাদের সম্পর্কের ভাঙন যেমন ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করছে, তেমনি প্রতিটি বিচ্ছেদের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হচ্ছে ব্যাপক আলোচনা।
/বিএসএস