• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ এএম


প্রায় এক দশকের সম্পর্ক ভাঙ্গার নেপথ্যে কারণঃ দূরত্ব নাকি ভুল বোঝাবুঝি?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ অক্টোবর ২০২৬ ১১:২৫ পিএম

‘আমাকে তোমার সাথে নিয়ে চলো’—২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে শেহতাজ মনিরা হাশেমের বলা এই সংলাপ দিয়েই যেন বাস্তব জীবনের এক নতুন গল্পের শুরু হয়েছিল। ওই মিউজিক ভিডিওর শুটিং থেকেই দুজনের পরিচয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে। প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। তবে দীর্ঘ এই সম্পর্কের শেষ টানতে গত রোববার রাতে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন প্রীতম ও শেহতাজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে উপস্থিতি দেখে এতদিন বাইরে থেকে সম্পর্কের কোনো দূরত্ব বোঝার সুযোগ ছিল না। তবে ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল আরও আগেই। প্রীতমের ক্যারিয়ারে বড় পরিবর্তন এবং তার তুমুল ব্যস্ততাকে এই দূরত্ব তৈরির অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

কোক স্টুডিও বাংলায় কাজ এবং ‘তুফান’ সিনেমার সাফল্যের পর প্রীতমের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি দেশ ও দেশের বাইরেও তার কাজের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। এরপর একে একে ‘বরবাদ’ ও ‘প্রিন্স’ সিনেমার গান এবং অসংখ্য স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ফলে দুজনের একসঙ্গে সময় কাটানোর সুযোগও আগের তুলনায় কমে যায়।

ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিক থেকেই প্রীতম ও শেহতাজের সম্পর্কে দূরত্ব স্পষ্ট হতে শুরু করে। প্রীতমের কাজের ব্যস্ততার পাশাপাশি তার আচরণে আসা পরিবর্তনও শেহতাজ সহজভাবে নিতে পারেননি। এমনকি বন্ধু-বান্ধবদের আড্ডাতেও দুজনের মধ্যে দূরত্ব ও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল বলে জানা গেছে।

সম্পর্কে টানাপোড়েন দেখা দেওয়ার পর সেটি ধরে রাখার চেষ্টা করেছিলেন দুজনেই। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। দীর্ঘদিনের পরিচয়, প্রেম এবং সংসারজীবনের পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার প্রায় দুই মাস আগে কানাডায় পরিবারের কাছে গিয়েছিলেন শেহতাজ। দেশে ফেরার পরই তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।

দীর্ঘ এক দশকের পরিচয়, প্রেম ও সংসারের পথ পেরিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত জানিয়ে দুজনই পরস্পরের প্রতি সম্মান ও শুভকামনা জানিয়েছেন। একই সঙ্গে নিজেদের মতো করে জীবনের নতুন অধ্যায় শুরু করার কথাও জানিয়েছেন তারা।

বিচ্ছেদের পর শেহতাজ আবার অভিনয় ও গানে ফেরার পরিকল্পনা করছেন। অন্যদিকে প্রীতমও নতুন গান এবং নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করার প্রস্তুতি নিচ্ছেন।

/এসএন