• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম


নিজের কণ্ঠ ও ভিডিও ব্যবহার করে এআই গান ‘‘আই হ্যাভ আ প্ল্যান’ তৈরির অভি’যোগ তাসরিফের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ অক্টোবর ২০২৬ ৪:০৭ পিএম

এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের একটি অডিও নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। তার দাবি, তার কনসার্টের ভিডিও ফুটেজের সঙ্গে এআই-সংশ্লেষিত কণ্ঠ যুক্ত করে গানটি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) তাসরিফ খান জানান, তার অনুমতি কিংবা সম্পৃক্ততা ছাড়াই তৈরি করা ওই অডিও-ভিজ্যুয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার ভাষ্য, তাকে হয়রানি ও বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এটি তৈরি করা হয়েছে।

তাসরিফ বলেন, ‘আমি সম্ভবত আজ বা আগামীকাল একটি সাধারণ ডায়েরি (জিডি) করব।’

‘৯৯.৯৯ শতাংশ নিশ্চিত, এটি এআই দিয়ে তৈরি’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া গানটি এআই দিয়ে তৈরি হয়েছে বলে প্রায় নিশ্চিত তাসরিফ খান। তার দাবি, এটি কোনো ব্যক্তির প্রকৃত গান বা সুর হতে পারে না।

তাসরিফ বলেন, ‘আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত যে গানটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি কারও প্রকৃত কম্পোজিশন হতে পারে না।’

পুরো ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি হিসেবে দেখছেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘এটি আমার কনসার্টের ভিডিও ফুটেজ ব্যবহার করে এআই দিয়ে তৈরি একটি গান। কোনো একটি উদ্দেশ্যে আমাকে হয়রানি করতেই এটি করা হয়েছে।’

রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ

শুধু ব্যক্তিগতভাবে হয়রানি নয়, ভিডিওটির পেছনে বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে মনে করছেন তাসরিফ।

তার দাবি, ভিডিওটিতে সরকারকে নিয়ে মানহানিকর মন্তব্যের সঙ্গে তার ছবি ও কনসার্টের ফুটেজ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে একই সঙ্গে সরকার ও তাকে বিতর্কের মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে বলে মনে করেন তিনি।

তাসরিফ বলেন, ‘মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে। এতে সরকারকে হেয় করা হচ্ছে, আবার আমার ছবি ব্যবহার করে আমাকেও এর সঙ্গে জড়ানো হচ্ছে।’

শতাধিক পেজে ছড়িয়ে পড়েছে

শুরুতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তাসরিফ খান। তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজে ভিডিওটি আবার আপলোড করা হয়েছে বলে জানান তিনি।

তার দাবি, এভাবে ব্যাপকভাবে পুনঃআপলোড হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে ভিডিওটির বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়েছে।

তাসরিফ জানান, ভিডিওটি সরিয়ে নেওয়ার জন্য তিনি প্রচলিত কনটেন্ট রিপোর্টিং ব্যবস্থার ওপর নির্ভর করার চেষ্টা করেছিলেন। কিন্তু বিপুলসংখ্যক পেজে এটি ছড়িয়ে পড়ায় সেই ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে না।

এ অবস্থায় ভিডিওটির প্রচার বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এই সংগীতশিল্পী। সে কারণেই শিগগির সাধারণ ডায়েরি করার পাশাপাশি বিষয়টি আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

/এসএন