মাদারীপুরের ডাসার উপজেলায় একটি বাড়ির মাটির নিচে তৈরি গোপন গুদাম থেকে বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাচ্চু সরদার নামে এক ব্যবসায়ীর বসতঘরের গোপন গোডাউন থেকে এসব তেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে র্যাবকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীর বাড়ির মাটির নিচে নির্মিত গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় অবৈধভাবে তেল মজুতের দায়ে বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সোমবার (২০ এপ্রিল) দিনের মধ্যে জব্দকৃত তেল বাজারে সরবরাহের শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, অধিক মুনাফার আশায় এবং বাজার অস্থিতিশীল করতে এসব তেল গোপনে মজুত করা হয়েছিল। জনস্বার্থে দ্রুত এসব তেল বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।