বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ নিতে পারেননি, তাদের সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিকূল আবহাওয়া বা অন্যান্য অনিবার্য কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার সময় অভিন্ন প্রশ্নপত্রে সেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল ছিল, সেই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হওয়ায় বিশেষ বিবেচনায় এ সুযোগ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সাম্প্রতিক ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম বোর্ডের বাইরেও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও অন্যান্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের বিষয়টিও সরকার বিবেচনায় নিয়েছে।
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, ভুল প্রশ্ন প্রণয়নের জন্য দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকার কারণে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
/এসএন