প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এক মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ (সাসপেন্ড) প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে বিষয়টি কঠোরভাবে তদারকির জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
সম্প্রতি সিলেট অঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষকদের উদ্দেশে এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পরে এ-সংক্রান্ত একটি ভিডিও তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন।
বিদ্যালয় পরিদর্শনের সময় ববি হাজ্জাজ বলেন, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের যোগ-বিয়োগ জানা উচিত। যারা এখনো এ দক্ষতা অর্জন করতে পারেনি, তাদের আলাদা করে একত্রিত করে নিয়মিত ক্লাসের মধ্যেই যোগ-বিয়োগ শেখানোর ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, “এক মাসের মধ্যে আগে যোগ-বিয়োগ শেখান। ক্যালকুলেশন, ফ্র্যাকশন-ট্র্যাকশন সব পরে হবে, আগে যোগ-বিয়োগ।”
একইভাবে বাংলা পড়তে না পারা শিক্ষার্থীদেরও আলাদা করে শেখানোর নির্দেশ দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বয়স নয়, তাদের শেখার ঘাটতি পূরণ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য অতিরিক্ত ক্লাসের ওপর নির্ভর না করে নিয়মিত শ্রেণিকক্ষের সময়ের মধ্যেই প্রয়োজনীয় দক্ষতা নিশ্চিত করতে হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রতিদিন শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও)-কে জানাতে হবে। টিইও সেই তথ্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও)-এর কাছে পাঠাবেন। আগামী ১ সেপ্টেম্বর ডিপিইওদের কাছ থেকে প্রতিটি বিদ্যালয়ের অগ্রগতির প্রতিবেদন নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এক মাস পরও যদি কোনো শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনীয় মৌলিক দক্ষতা অর্জন করাতে ব্যর্থ হন, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সাময়িক বরখাস্ত করা হতে পারে।
/এএসএফ