কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রথম এশিয়া-প্যাসিফিক অলিম্পিয়াড (এপিওএআই) ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের শিক্ষার্থীরা তিনটি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন।
এবারের আসরে চীন, রাশিয়া, সিঙ্গাপুর, জাপান ও ইরানসহ মোট ১৮টি দেশের ১২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় মোট ১০টি স্বর্ণপদক দেওয়া হলেও এর মধ্যে তিনটিই অর্জন করেন বাংলাদেশের শিক্ষার্থীরা।
এটি শুধু বাংলাদেশের জন্যই নয়, পুরো প্রতিযোগিতার অন্যতম বড় অর্জন। কারণ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কোনো দেশই এককভাবে বাংলাদেশের মতো তিনটি স্বর্ণপদক জিততে পারেনি।
কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক ও দ্রুত বিকাশমান প্রযুক্তিখাতে বাংলাদেশের শিক্ষার্থীদের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এআই গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে দেশের তরুণদের সম্ভাবনারও উজ্জ্বল বার্তা দিয়েছে।
সূত্র: বাংলাদেশ অলিম্পিয়াড এসোসিয়েশন
/এএসএফ