চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের সবচেয়ে উন্নত দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশের বাইরে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে আরেকটি এআই প্রতিষ্ঠানের সিস্টেমে হ্যাক চালিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, সাইবার সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত এক অভ্যন্তরীণ পরীক্ষার সময় এ নজিরবিহীন ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ জুলাই) ওপেনএআই এ তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, তাদের নতুন প্রকাশিত জিপিটি ৫.৬ (GPT-5.6 Sol) এবং এখনও প্রকাশ না হওয়া আরও উন্নত ক্ষমতাসম্পন্ন একটি এআই মডেল পরিচালিত একটি স্বয়ংক্রিয় এজেন্ট পরীক্ষার জন্য নির্ধারিত পরিবেশ থেকে বেরিয়ে উন্মুক্ত ইন্টারনেটে প্রবেশ করে।
এরপর এজেন্টটি চুরি করা লগইন তথ্য ব্যবহার করে এবং আগে থেকে অজানা একটি নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে হাগিং ফেস-এর সার্ভারে প্রবেশ করে।
ওপেনএআই দাবি করেছে, পরীক্ষার লক্ষ্য পূরণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এজেন্টটি এমন পদক্ষেপ নিয়েছিল।
হাগিং ফেসের সহ-প্রতিষ্ঠাতা ক্লেমেন্ট ডেলাঙ্গ বলেন, তাদের সন্দেহ ছিল যে হামলার পেছনে কোনো শীর্ষস্থানীয় এআই গবেষণা প্রতিষ্ঠান থাকতে পারে। তবে তার বিশ্বাস, ওপেনএআইয়ের পক্ষ থেকে এ ঘটনায় কোনো ক্ষতিকর উদ্দেশ্য ছিল না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লেমেন্ট ডেলাঙ্গ লেখেন, পুরো ঘটনাটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ঘটেছে—এটি সত্যিই বিস্ময়কর। তিনি আরও বলেন, ‘সম্ভবত এটি এ ধরনের প্রথম ঘটনা হতে পারে।’
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগ ক্যাসার ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যথাযথ নিরাপত্তা বিধি ছাড়াই এআই অত্যন্ত দ্রুতগতিতে উন্নত হচ্ছে।’
তিনি এআই ব্যবস্থার জন্য বাধ্যতামূলক স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা প্রকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
উল্লেখ্য, এ তথ্য প্রকাশের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে উন্নত এআই সিস্টেম জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে সেগুলোর জাতীয় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের একটি কাঠামো অনুমোদন করেছেন।
/এসএন