• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম


১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ১:০৩ পিএম

শিশু-কিশোরদের সুরক্ষায় ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করে নতুন আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নিল ফ্রান্স।

প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, সাংবিধানিক পরিষদের অনুমোদন সাপেক্ষে আগামী সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকর হবে। তার ভাষ্য, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স ইউরোপের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

নতুন আইন অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সীরা নতুন করে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। এছাড়া ২০২৭ সালের জানুয়ারি থেকে তাদের বিদ্যমান অ্যাকাউন্টগুলোও বন্ধ করে দেওয়া হবে।

ফ্রান্সের ডিজিটালবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বয়স যাচাইয়ের প্রযুক্তিগত ব্যবস্থা ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী চার মাসের মধ্যে ব্যবহারকারীদের বয়স যাচাই করা হবে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়েও সরকার আশ্বাস দিয়েছে।

এ ছাড়া নতুন শিক্ষাবর্ষ থেকে দেশটির উচ্চবিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞাও কার্যকর করা হবে।

সরকারের মতে, শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকটক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যম কিশোর-কিশোরীদের, বিশেষ করে মেয়েদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

তবে শিক্ষামূলক ওয়েবসাইট ও অনলাইন বিশ্বকোষ এই আইনের আওতার বাইরে থাকবে। পাশাপাশি শিশু বা তাদের অভিভাবকদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা রাখেনি সরকার।

অস্ট্রেলিয়ার পর এবার ফ্রান্সও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করল। এখন ইউরোপের অন্যান্য দেশও একই ধরনের উদ্যোগ নেয় কি না, সেদিকে নজর রয়েছে।

/এএসএফ