• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম


বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী, বলুন তো কে এই ছোট্ট শিশুটি?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ নভেম্বর ২০২৬ ৮:২১ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের নানা স্মৃতি ও মজার অভিজ্ঞতা ভাগ করে প্রায়ই ভক্তদের আলোচনায় থাকেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। এবার শৈশবের একটি পুরোনো ছবি প্রকাশ করে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বলুন তো কে এই অভিনেত্রী?’

ছবিতে ছোট্ট শবনম ফারিয়াকে সাদা রঙের একটি পোষা প্রাণী বা খরগোশ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী জানান, এটি ছিল তাঁর জীবনের প্রথম পোষা প্রাণী। তখন তাঁর বয়স ছিল মাত্র দুই বছর।

ফারিয়া আরও জানান, ছবিতে পরা পোশাকটি ছিল তাঁর জীবনের প্রথম লেহেঙ্গা। তাঁর ফুপি বিশেষভাবে তাঁর ও তাঁর কাজিন বোন প্রগমালের জন্য লেহেঙ্গাটি ডিজাইন করে তৈরি করেছিলেন।

ছবির আরেকটি মজার বিষয়ও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ভালো করে লক্ষ করলে তাঁর কপালের ডান পাশে ছোট একটি কালো টিপ দেখা যাবে। এ প্রসঙ্গে মাকে উদ্দেশ করে রসিকতা করে ফারিয়া লেখেন, তাঁর আম্মু ফেসবুকে না থাকলেও তাঁর একটি প্রশ্ন ছিল—এত কুৎসিত একটি বাচ্চাকে আবার কে নজর বা বদনজর দিতে পারে?

শৈশবের এমন মধুর স্মৃতি এবং অভিনেত্রীর মজার ক্যাপশন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে। ছোটবেলার দিনগুলোর স্মৃতিচারণ ও প্রিয় তারকার রসিকতাপূর্ণ লেখার গল্প বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। পোস্টটির মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা, প্রশংসা ও নানা মজার প্রতিক্রিয়া দেখা যায়।

তামজিদ আহমেদ নামের একজন মন্তব্যে লিখেছেন, ‘ছোট থাকতেই ও কিউট ছিলেন, বড় হয়ে আরও বেশি কিউট হয়ে গেছেন।’

তানিয়া আক্তার অবাক হয়ে লিখেছেন, ‘আপনি আগলি! এইডা কোন কথা হইলো! আপনি যেমনই দেখতে হতেন না কেন, মা-বাবার চোখে সন্তান সবসময় সুন্দর থাকে।’

রায়হান ইসলাম ছবিটি দেখে শৈশবের স্মৃতিতে ফিরে গিয়ে মন্তব্য করেছেন, ‘কি সুন্দর ছোট বেলাটা।’

মনসুরা আক্তার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘প্রত্যেক মায়ের জন্যই তার ছোট সোনামণিটা কিউটের ডিব্বা।’

অন্যদিকে শান্তনা ইসলাম লিখেছেন, ‘প্রতিটি আম্মুর কাছে তার মেয়ে পৃথিবীর সেরা সুন্দরী। আমার আম্মুর কাছে আমি, আপনার আম্মুর কাছে আপনি!’

ভক্তদের এসব স্বতঃস্ফূর্ত ও ভালোবাসাপূর্ণ মন্তব্যে শৈশবের স্মৃতি এবং মা-সন্তানের চিরন্তন সম্পর্কের আবেগ ফুটে উঠেছে। ছোটবেলার সেই শিশুটি পরবর্তী সময়ে দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ হয়ে উঠেছেন—বিষয়টি ভক্তদের কাছে যেমন আনন্দের, তেমনি কৌতূহলেরও।

/এসএন