• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম


যু’ক্তরাষ্ট্রের সম্ভাব্য হাম’লার প্রস্তুতির মধ্যেই পুতিনের কাছে বিশেষ বার্তা পাঠালেন খামেনি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ নভেম্বর ২০২৬ ৮:৩০ এএম


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বার্তা পৌঁছে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি ওই বার্তা হস্তান্তর করেন।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে মোজতবা খামেনি রুশ প্রেসিডেন্টের কাছে কী বিষয়ে বার্তা পাঠিয়েছেন, তা এখনো জানা যায়নি।

ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে মস্কো। এরপরও ইরানের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে রাশিয়া।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে রাশিয়া। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে দেশটি।

এদিকে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য এই অভিযান স্বল্প সময়ের হলেও এর ব্যাপকতা ও তীব্রতা অনেক বেশি হতে পারে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলেই অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, হামলার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে অভিযান কত দিন বা কত সময় ধরে চলবে, সে বিষয়ে তাঁরা নির্দিষ্ট কোনো তথ্য দেননি।

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে ১২টি যুদ্ধজাহাজে কয়েক হাজার নৌ ও বিমান সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। তাঁরা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য হামলায় ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

/এসএন