• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০২ এএম


পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব আল হাসান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ মে ২০২৬ ১২:১০ পিএম

সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তার ক্রিকেট ক্যারিয়ার এখনও শেষ হয়নি। খেলোয়াড়ি জীবন শেষ করার পর আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, রাজনীতিতে ফিরলে তিনি আবারও বাংলাদেশ আওয়ামী লীগ-এর হয়েই কাজ করতে চান। তিনি বলেন, “সেটাই তো হওয়ার কথা, তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি।”
দল পরিবর্তনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে সাকিব আরও বলেন, তিনি কখনও ‘পল্টি’ দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী নন। “আমি যদি কোনো ছোট দলেও নাম লিখিয়ে থাকি, সেই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই,”—যোগ করেন তিনি।
বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এ পরিস্থিতি স্থায়ী হবে বলে মনে করেন না এই সাবেক সংসদ সদস্য। তার ভাষায়, “এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কাউকে নিষিদ্ধ করে রাখা যায়? এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের বড় একটি অংশকে দীর্ঘদিন দাবিয়ে রাখা সম্ভব নয়।”
সাকিব মনে করেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশের উন্নতি বা রাজনীতির কোনো ইতিবাচক ফল আসে না। তিনি বলেন, “জোর করে কিছুদিন আটকে রাখা যেতে পারে, কিন্তু এতে দেশের বা রাজনীতির কোনো ভালো হয় বলে আমার মনে হয় না।”

/বিএসএস