• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০১:৪৫ এএম


টি-টোয়েন্টিতে রানের সুনামি, বিশ্বরেকর্ডের খুব কাছে হামজা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ১০:০৬ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন হামজা খান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বে আইভোরি কোস্টের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করে ৬৫ বলে ১৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রুয়ান্ডার এই ওপেনার।তার ইনিংসে ছিল ৯টি চার ও ১৫টি বিশাল ছক্কা।

এই ইনিংস এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।এই তালিকার শীর্ষে রয়েছেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ১৭২ রান।

ফিঞ্চের পরই এখন জায়গা করে নিয়েছেন হামজা খান।হামজার ঝড়ো ইনিংসে পেছনে পড়ে গেলেন হজরতুল্লাহ জাজাই। আফগান এই ব্যাটার ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।এছাড়া তালিকার চতুর্থ স্থানে নেমে গেছেন মোহাম্মদ ইহসান। তিনি ২০২৫ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে করেছিলেন ১৬০ রান।

পঞ্চম স্থানে রয়েছেন আবারও ফিঞ্চ, যিনি ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৬ রান।শুধু রান নয়, ১৫টি ছক্কা মেরে আরেকটি রেকর্ডও গড়েছেন হামজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।রোববারের ম্যাচে প্রথমে ব্যাট করে রুয়ান্ডা তোলে ২ উইকেটে ২৮৮ রান। হামজার পাশাপাশি দিদিয়ের এনডিকুবিমানা ৪৫ বলে ৬৯ রান করেন।

আর ইসায়ে নিয়োমুগাবো খেলেন ১২ বলে ২৬ রানের অপরাজিত ক্যামিও ইনিংস।বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আইভোরি কোস্ট গুটিয়ে যায় মাত্র ১৭ রানে! ১৫.২ ওভারে অলআউট হয়ে যায় দলটি। সর্বোচ্চ ৫ রান আসে ১০ নম্বরে নামা ওয়াটারা উসিফ–এর ব্যাট থেকে। দলের চার ব্যাটার শূন্য, তিনজন ১ রান এবং দু’জন ২ রান করে আউট হন।

/বিএসএস