বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে আত্মবিশ্বাসী শাহীনবাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৮ মে। মিরপুরে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লক্ষ্য এবং বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি।দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরার প্রসঙ্গে শাহীন জানান, পাকিস্তান দল বেশ কিছুদিন ধরেই সিরিজটি সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। তার মতে, সামনে দীর্ঘ টেস্ট মৌসুম থাকায় এই সিরিজটি তাদের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।বাংলাদেশকে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজেদের কন্ডিশনে যে কোনো দলই কঠিন প্রতিপক্ষ হয়ে ওঠে। তবে পাকিস্তানের লক্ষ্য শুধু এই সিরিজ জেতা নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া।মিরপুরের সম্ভাব্য সবুজ উইকেট নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন বাঁহাতি এই পেসার। তার মতে, সাধারণত ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেট ব্যবহার করলেও এবার পেসারদের জন্য সুযোগ থাকতে পারে। তিনি বলেন, যে দল ঘরের মাঠে খেলে তারা নিজেদের কন্ডিশন কাজে লাগায়—বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সবুজ উইকেট হলে পাকিস্তানের পেসাররা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার প্রশংসাও করেছেন শাহীন। তাকে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একজন বোলার উল্লেখ করে তিনি বলেন, নাহিদ ভালো ফর্মে আছেন, যদিও আশা করেন এই ফর্ম পাকিস্তানের বিপক্ষে খুব বেশি কাজে লাগবে না।বর্তমান টেস্ট র্যাঙ্কিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানের মতো দলের জন্য সাত বা আট নম্বরে থাকা সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন এই পেসার।এছাড়া নতুন প্রধান কোচ সরফরাজকে নিয়ে ইতিবাচক মন্তব্য করে শাহীন বলেন, সাবেক অধিনায়ক হওয়ায় তিনি খেলোয়াড়দের মানসিকতা ভালো বোঝেন এবং দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন বলে বিশ্বাস করেন।
/বিএসএস