বাংলাদেশ ক্রিকেট দলকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৪ রানে হারায় টাইগাররা।এটি ছিল দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এর আগে পাকিস্তানের মাটিতে টানা দুটি টেস্ট জিতেছিল বাংলাদেশ।
ফলে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ও তুলে নিল টাইগাররা।মিরপুর টেস্টে বাংলাদেশ ২৬৮ রানের লক্ষ্য দেয় পাকিস্তানকে। তবে দুর্দান্ত বোলিংয়ের সামনে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১৬৩ রানে। বিশেষ করে নাহিদ রানার অসাধারণ বোলিং এই জয়ে বড় ভূমিকা রাখে।এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মে সিলেটে অনুষ্ঠিত হবে।
/বিএসএস