বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব দেশে আসতে যাচ্ছে বলে জানা গেছে। এ নিয়ে দেশের তিনটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলোচনা চলছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভিও।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে সম্প্রচারের জন্য স্বত্বধারী প্রতিষ্ঠানের সঙ্গে কয়েকটি টেলিভিশন চ্যানেল আলোচনা চালিয়ে যাচ্ছে।
আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরকে দেশের দর্শকদের কাছে পৌঁছে দিতে বিটিভির পাশাপাশি আরও দুটি বেসরকারি টেলিভিশন আগ্রহ দেখিয়েছে। তবে চূড়ান্তভাবে কোন কোন চ্যানেল সম্প্রচারের সুযোগ পাবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।
বিশ্বকাপ সামনে রেখে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডের বিপুলসংখ্যক সমর্থক থাকায় সম্প্রচার স্বত্ব নিয়ে আলোচনা বেশ গুরুত্ব পাচ্ছে।এর আগে আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া আসরের সম্প্রচার নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা দেখা গেলেও এবার পরিস্থিতি তুলনামূলকভাবে ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফলে দেশের দর্শকরা টেলিভিশনের পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন বলেই আশা করা হচ্ছে।আগামী কয়েক দিনের মধ্যেই সম্প্রচার স্বত্ব সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হতে পারে। এরপর আনুষ্ঠানিকভাবে জানানো হবে কোন কোন টেলিভিশন চ্যানেলে ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখা যাবে।
/বিএসএস