• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম


বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় ব্রাজিল-পানামা ম্যাচ, ইউটিউবে সরাসরি সম্প্রচার দেখবেন যেভাবে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ মে ২০২৬ ১০:৩১ পিএম

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পানামার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (৩১ মে) রাত সাড়ে ৩টায়।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাচটি জি (Ge) টিভির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ফলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও সহজেই অনলাইনে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

ম্যাচটিতে কোচ কার্লো আনচেলত্তি কাদের নিয়ে শুরুর একাদশ সাজাতে পারেন, সে সম্পর্কেও ধারণা দিয়েছে গ্লোবো। তাদের তথ্য অনুযায়ী, প্রথম একাদশে থাকার দৌড়ে এগিয়ে আছেন গোলরক্ষক অ্যালিসন বেকার। রক্ষণভাগে দেখা যেতে পারে ওয়েসলে, ব্রেমার, লিও পেরেইরা ও আলেক্স স্যান্ড্রোকে।

মিডফিল্ডে খেলতে পারেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস। আক্রমণভাগে সম্ভাব্য একাদশে রয়েছেন ম্যাথুস কুনহা, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র এবং লুইস হেনরিক।

পানামার বিপক্ষে ম্যাচের পর ৭ জুন মোহামেদ সালাহর মিশরের বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর শুরু হবে বিশ্বকাপ মিশন।

১৪ জুন ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। ২০ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি। আর ২৫ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দলের গোলরক্ষকরা হলেন অ্যালিসন বেকার, এডারসন ও ওয়েভারটন।

রক্ষণভাগে আছেন আলেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস এবং ওয়েসলি।

মিডফিল্ডার হিসেবে দলে রয়েছেন ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো ও লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড তালিকায় জায়গা পেয়েছেন এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান এবং ভিনিসিউস জুনিয়র।

/এসএন