পিএসএল ফাইনালে দুর্দান্ত বোলিং করে ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। রবিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তার নিয়ন্ত্রিত বোলিং জয়ে বড় অবদান রাখে।ম্যাচের শুরুতে কিছুটা খরুচে থাকলেও দ্রুতই ছন্দে ফেরেন নাহিদ। শেষ তিন ওভারে একটি মেডেনসহ প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন এই ডানহাতি পেসার। তার ইকোনমি রেট ছিল ৫.৫০। এই পারফরম্যান্সের স্বীকৃতিতে তিনি ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার পান এবং পুরস্কার হিসেবে অর্জন করেন ৩ লাখ পাকিস্তানি রুপি।এছাড়া পিএসএল ফাইনালের ইতিহাসে মেডেন ওভার করা তৃতীয় পেসার হিসেবেও নাম লেখান নাহিদ। এর আগে ২০২১ ও ২০২৪ সালে এই কীর্তি গড়েছিলেন যথাক্রমে ইমরান খান ও খুশদিল শাহ—দুজনই মুলতান সুলতান্সের হয়ে খেলেছিলেন।প্রাথমিকভাবে চার ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল নাহিদের। তবে পেশোয়ার জালমি ফাইনালে উঠলে তাকে বিশেষ অনুমতি দেওয়া হয়, ফলে তিনি শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নিতে পারেন।পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট শিকার করেন এই তরুণ পেসার। তার অসাধারণ পারফরম্যান্সেই পেশোয়ার জালমি দীর্ঘ ৯ বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়।
/বিএসএস