নিউজিল্যান্ড সিরিজ জয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। সর্বশেষ হালনাগাদে পেসার, ব্যাটার ও অলরাউন্ডার—সব বিভাগেই মিলেছে সুখবর।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। সিরিজে ৮ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া নাহিদ রানা এক লাফে ১৬ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ৪৮তম স্থানে।
শরীফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে জায়গা নিয়েছেন ২৮তম স্থানে এবং মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ এগিয়ে এখন ৪১তম।
ব্যাটারদের তালিকাতেও এসেছে উন্নতি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন। আর লিটন দাস ১৫ ধাপ এগিয়ে এখন ৬৫তম স্থানে অবস্থান করছেন।
সবচেয়ে বড় সুখবর এসেছে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে। এক ধাপ এগিয়ে মেহেদী হাসান মিরাজ যৌথভাবে বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ২৭৫।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও রয়েছে ইতিবাচক খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঝড়ো ইনিংস খেলে তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৯তম স্থানে। আর বোলারদের তালিকায় শেখ মেহেদী হাসান জায়গা করে নিয়েছেন ১৮তম স্থানে।