• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৫ পিএম


চট্টগ্রামে বৃষ্টির হুমকি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ১:০৮ পিএম

চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ–নিউজিল্যান্ড দ্বিতীয় টি–টোয়েন্টিকে ঘিরে দেখা দিয়েছে বৃষ্টির বড় শঙ্কা। টানা কয়েক দিনের গরম শেষে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হলেও ক্রিকেটের এই ম্যাচে তা এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজ চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৯৪ শতাংশ পর্যন্ত। বেলা ১২টার দিকে শহরে বৃষ্টি শুরু হয়েছে এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে। দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় দুপুর ২টায়। টস হওয়ার সময় নির্ধারিত ছিল দুপুর ১টা ৩০ মিনিটে। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ে টস করাও সম্ভব নাও হতে পারে। এতে ম্যাচ শুরুর সময় পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বৃষ্টির কারণে দুই দলের মাঠে যাত্রাতেও বিলম্ব হচ্ছে।
এর আগের দিনও চট্টগ্রামে সারাদিন বৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে বাংলাদেশ দল অনুশীলন করতে পারেনি, টিম হোটেলেই সময় কাটিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। তবে প্রথম ম্যাচে জয় পাওয়ায় তারা কিছুটা স্বস্তিতে রয়েছে।
অন্যদিকে নিউজিল্যান্ড দল ইনডোরে অনুশীলন করে প্রস্তুতি সেরে নিয়েছে। প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে আছে সফরকারীরা। আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। অন্যদিকে বাংলাদেশ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে।