দুর্দান্ত ছন্দে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ফরাসি লিগ ওয়ানে শীর্ষে থেকে শিরোপার খুব কাছাকাছি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ঘরোয়া সাফল্যের পর এবার দুই দলই নজর দিয়েছে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শ্রেষ্ঠত্ব অর্জনে।
বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবার টানা দ্বিতীয় ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে লড়ছে। লুইস এনরিকে’র দল নকআউট পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে চেলসি ও লিভারপুলকে দুই লেগে মোট ১২ গোল দিয়ে সেমিফাইনালে উঠেছে। একইসঙ্গে তারা একটি মাইলফলকের দিকেও এগোচ্ছে—আজ জয় পেলে চ্যাম্পিয়ন্স লিগে শততম জয় পাওয়া প্রথম ফরাসি ক্লাব হবে তারা। উল্লেখযোগ্যভাবে, প্রতিযোগিতার নতুন যুগে তাদের প্রথম জয়টিও এসেছিল বায়ার্নের বিপক্ষেই।
অন্যদিকে বায়ার্ন আগেভাগেই বুন্দেসলিগা জিতলেও তাদের প্রধান লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লিগ। ২০২০ সালে শিরোপা জয়ের পর সেমিফাইনাল পার হতে না পারার হতাশা এবার কাটাতে চায় তারা। তবে এবার তারা দারুণ ফর্মে আছে—চ্যাম্পিয়ন্স লিগে টানা সাত ম্যাচ জিতেছে এবং শেষ আটে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এসেছে।
গত নভেম্বরে গ্রুপ পর্বে পিএসজিকে ২–১ ব্যবধানে হারানোর স্মৃতি বায়ার্নকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। এছাড়া দুই দলের শেষ ছয় মুখোমুখি ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে জার্মান ক্লাবটি। হ্যারি কেইনের ফর্ম তাদের বড় শক্তি হলেও সের্গে জিনাব্রির ইনজুরি কিছুটা দুশ্চিন্তার কারণ। তবে জামাল মুসিয়ালা ফিট হয়ে দলে ফিরেছেন, যা বায়ার্নের আক্রমণে নতুন শক্তি যোগ করতে পারে।