• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম


জাতীয় দলের শিবির ছাড়ায় বিপাকে রোনালদো, শাস্তি হতে পারে তিন মাসের নির্বাসন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ অক্টোবর ২০২৬ ৮:১৬ এএম

পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হয়েছে নিষেধাজ্ঞার শঙ্কা। জাতীয় দলের শিবির ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপের বিধান রয়েছে। তবে নিজের ভুল স্বীকার করায় সম্ভাব্য শাস্তির মেয়াদ অর্ধেক কমে সর্বোচ্চ তিন মাস হতে পারে বলে মনে করছেন পর্তুগিজ ফুটবলের এক আইন বিশেষজ্ঞ।

গত মাসে কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের পর পর্তুগালের জাতীয় দলের শিবির ছেড়ে চলে যান রোনালদো। পরে নিজের সিদ্ধান্তের জন্য সমর্থক ও সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি। একই সঙ্গে জরিমানা করা হলে তা মেনে নেওয়ার কথাও জানিয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের নেশনস লিগে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন রোনালদো। কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। এরপরই জাতীয় দলের শিবির ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন সিআরসেভেন।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১৬০ নম্বর ধারা অনুযায়ী, যথাযথ কারণ ছাড়া জাতীয় দলের কোনো ফুটবলার অনুশীলন, ম্যাচ কিংবা দলের অন্য কোনো কার্যক্রমে অনুপস্থিত থাকলে তাঁকে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ করা যেতে পারে। এ ধরনের অপরাধের জন্য জরিমানার বিধানও রয়েছে।

তবে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র আইন বিশেষজ্ঞ গঞ্জালো আলমেইদার মতে, রোনালদোর ক্ষেত্রে শাস্তির মেয়াদ ইতিমধ্যে গণনা শুরু হয়ে গেছে। ফিফার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করা আলমেইদা জানিয়েছেন, গত মাসে জাতীয় দলের শিবির ছাড়ার মুহূর্ত থেকেই রোনালদোর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে তিনি মনে করেন।

আলমেইদা বলেন, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কাউন্সিল এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে। রোনালদোকে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হবে। এরপর দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে সম্ভাব্য শাস্তির ক্ষেত্রে রোনালদোর জন্য স্বস্তির সুযোগও রয়েছে। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ২৪৪ নম্বর ধারা অনুযায়ী, কোনো অভিযুক্ত ফুটবলার তদন্তের আওতায় থাকা ঘটনার কথা স্বীকার করলে শাস্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা অর্ধেক কমিয়ে দেওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রে স্বীকারোক্তি হতে হবে সম্পূর্ণ নিঃশর্ত এবং তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো সংশয় থাকা চলবে না।

আলমেইদার মতে, রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো শর্ত ছাড়াই নিজের ভুল স্বীকার করেছেন। ফলে তাঁর ক্ষেত্রে সম্ভাব্য ছয় মাসের সর্বোচ্চ নিষেধাজ্ঞা অর্ধেক কমে তিন মাসে নেমে আসতে পারে।

তবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না এবং হলে তার মেয়াদ কত হবে, তা নির্ভর করছে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিষয়ক আনুষ্ঠানিক প্রক্রিয়া ও চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

/এএসএফ