• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম


পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ অক্টোবর ২০২৬ ১১:২৭ এএম

পাকিস্তান সরে দাঁড়ানোয় এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশপাকিস্তান হকি দলের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ছয় দলের এই প্রতিযোগিতায় পাকিস্তানের পরিবর্তে অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে বাংলাদেশকে টুর্নামেন্টের রিজার্ভ দল হিসেবে রাখা হয়েছিল।আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিত হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের মূল পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জালন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। আর নকআউট পর্বের ম্যাচ আয়োজন করা হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে।পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এএ আদেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান হকি দল ভারতে খেলতে যাবে না। যে কারণে এশিয়ান হকি ফেডারেশন থেকে আমাদের প্রস্তাব দিয়েছিল খেলতে চাই কিনা। আমরা খেলার সম্মতি দিয়েছি। ইনশাআল্লাহ এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে।’ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্তকেন্দ্রিক বিরোধ চলে আসছে। দুই দেশের এই রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এর ধারাবাহিকতায় ২০০৮ সালের পর থেকে ভারত ও পাকিস্তান কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিচ্ছে না। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই দেশের দলকে অংশ নিতে দেখা যায়।এবারের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু দেশটি তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধে সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান।পাকিস্তান সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় বাংলাদেশকে মূল পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগে থেকেই বাংলাদেশকে রিজার্ভ দল হিসেবে রাখা হয়েছিল। একই তালিকায় ছিল ওমানও।কোনো দল শেষ মুহূর্তে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ালে যাতে ছয় দল নিয়ে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়, সে পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশ ও ওমানকে রিজার্ভ তালিকায় রাখা হয়েছিল।বাংলাদেশের জন্য এই সুযোগ আন্তর্জাতিক হকিতে নিজেদের সামর্থ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে। এখন ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।

/বিএসএস